খেলা

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে চমকপ্রদ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে প্রকাশিত ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক পুরোনো মুখ, যারা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। আর তাতেই ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে আলোচনার ঝড়।

সবচেয়ে বড় চমক হিসেবে জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। প্রায় তিন বছর পর আবারও টাইগার স্কোয়াডে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। সোহানের মতোই দলে ফিরেছেন ব্যাটার সাইফ হাসান এবং চোট কাটিয়ে ফিরে এসেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে জায়গা হারিয়েছেন ওপেনার নাঈম শেখ। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও, যা কিছুটা অবাক করেছে অনেককেই। নেদারল্যান্ডস সিরিজে ছুটি নেওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তার সঙ্গী হয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ১৯টি ম্যাচের ১১টি হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর গ্রুপ 'এ'-তে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবিতে—১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

ঘোষিত স্কোয়াডে আছেন- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।