খেলা

বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

শ্রোতাদের কাছে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও আসিফের ক্রিকেটের সঙ্গে রয়েছে দীর্ঘ দিনের সম্পর্ক। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুলজীবনে কুমিল্লা লীগে অংশ নেওয়া ছাড়াও কুমিল্লা জিলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেটে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ আকবর জানান, কুমিল্লার ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলাতেই দাপট দেখিয়েছি আমরা। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় টানা ৬ বছর ধরে কোনো ক্রিকেট লীগ হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। বিসিবিতে যদি দায়িত্ব পাই, সবার আগে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনাই হবে আমার লক্ষ্য।”

 

asif akbar-1-Dhaka Prokah News-27-09-2025.jpg
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

শুধু ক্রিকেট নয়, তরুণ সমাজকে খেলাধুলায় ফেরানোও আসিফের বড় পরিকল্পনার অংশ। তিনি বলেন, “কুমিল্লার তরুণরা এখন মাঠমুখী নয়। মাদক, কিশোর গ্যাং—এসব ভয়ংকর সমস্যার মূল কারণ হচ্ছে খেলাধুলার অভাব। আমাদের সন্তানদের খেলার মাঠ নেই, অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ক্লাবগুলোকে! আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে আনতে, যাতে তরুণরা সুস্থ ধারায় বেড়ে উঠতে পারে।”

আসিফ জানান, শুধু কুমিল্লাই নয়, চট্টগ্রাম বিভাগের সব জেলা নিয়েও কাজ করতে চান তিনি। “নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া—সব জায়গাতেই ক্রিকেট প্রতিভার অভাব নেই। বিসিবির পরিচালক হলে আমি প্রতিটি জেলার ক্রিকেট উন্নয়নে ভিন্ন কিছু করার চেষ্টা করব।”

কাউন্সিলর হওয়ার বিষয়ে আসিফ বলেন, “আমি নিজে থেকে আগ্রহী ছিলাম না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই দায়িত্ব নিয়েছি। ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি সব সময় একটা আবেগ কাজ করে। খেলেছি, খেলাটাকে ভালোবাসি—সে কারণেই।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই-ভোট দেবেন আসিফ। তিনি বর্তমানে সেখানে টানা ১৪টি শোতে অংশ নিচ্ছেন। “এখানে আমার গান চলছেই, কিন্তু একই সঙ্গে বিসিবির নির্বাচনের প্রচারণাও চালাচ্ছি। কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি, তারাও আমাকে সমর্থনের আশ্বাস দিয়েছেন।”