খেলা

এশিয়া কাপের ট্রফি নিয়ে জটিলতা, ভারতকে না দিয়ে আমিরাতে জমা দিলেন নাকভি!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম

এশিয়া কাপের ট্রফি নিয়ে জটিলতা, ভারতকে না দিয়ে আমিরাতে জমা দিলেন নাকভি!
ছবি: সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলেও এখনো শিরোপা হাতে পায়নি দলটি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও কূটনৈতিক টানাপোড়েন। এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ট্রফিটি ভারতীয় দলের কাছে হস্তান্তর না করে জমা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানায়, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা একাধিকবার অনুরোধ করেছিলেন যেন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে নাকভি জানান, এটি চলমান সভার আলোচ্য বিষয় নয়। পরে ভারতীয় প্রতিনিধিদের চাপের মুখে তিনি বলেন, ভারতের অধিনায়ক সুরিয়াকুমার যাদবকে দুবাইয়ে এসে নিজে ট্রফি গ্রহণ করতে হবে।

সভায় শুক্লা সরাসরি নাকভিকে বলেন, “ট্রফি আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, আপনি এটিকে হোটেলের রুমে রেখে দিতে পারেন না। এটি ভারতীয় দলের হাতে তুলে দেওয়া আপনার দায়িত্ব।”

জবাবে নাকভি অভিযোগ করেন, পুরস্কার বিতরণী মঞ্চে তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেখানে নিজেকে তিনি ‘কার্টুনের মতো’ মনে হচ্ছিল। তার দাবি, ভারতীয় দল মৌখিকভাবে জানিয়েছিল তারা তার হাত থেকে ট্রফি নিতে চায় না। তবে তারা কোনো লিখিত বক্তব্য দেয়নি।

নাকভির সিদ্ধান্ত অনুযায়ী, ট্রফি নিয়ে আলোচনা এখনই নয়, ভবিষ্যতে আলাদা বৈঠকে হবে। এ নিয়ে সমস্যার সমাধান হয়নি, বরং উত্তেজনা আরও বেড়েছে।

বিসিসিআইর অভিযোগ, এসিসি সভাপতি হিসেবে নাকভি দায়িত্বশীল আচরণ করেননি। তার আচরণ ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভপ্রসূত বলে অভিযোগ করেছে তারা। বিসিসিআই বলছে, এমন আচরণ এশিয়ান ক্রিকেটের নিরপেক্ষতা ও আন্তর্জাতিক ক্রীড়ানীতির জন্য হুমকি।

এসিসি থেকে একটি দুঃখ প্রকাশ করা হলেও নাকভি ব্যক্তিগতভাবে এখনো কোনো মন্তব্য বা ক্ষমা প্রার্থনা করেননি। বিসিসিআই জানিয়েছে, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং আগামী নভেম্বরে এ নিয়ে আলোচনা হতে পারে।