খেলা
সৌম্যর জায়গা এবার শাহরিয়ার সাকিবের দখলে
দুর্গাপূজার সময়টা যেন আরও আনন্দঘন হয়ে উঠল সৌম্য সরকারের জন্য। কারণ, তিনি আবারও জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। এ খুশির খবরটি নিজের ফেসবুক পেজে নিজেই শেয়ার করেছেন এই বাঁহাতি ব্যাটার।
জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ায় সৌম্য এখন আর খুলনা দলের হয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে পারছেন না। তার জায়গায় খুলনা দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার শাহরিয়ার সাকিব।
শাহরিয়ার সাকিব আগে থেকেই খুলনা দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে স্কোয়াডে ছিলেন। অনূর্ধ্ব-১৯ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স আছে এই তরুণের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে খেলেন তিনি, যেখানে একটি অর্ধশতকসহ দুটি ৪০-র বেশি রানের ইনিংস খেলেছিলেন।
অন্যদিকে সৌম্য সরকারের জাতীয় দলে ফেরাটা কিছুটা নাটকীয় ছিল। ভিসা জটিলতায় কিছুদিন আটকে থাকলেও, শেষ পর্যন্ত সিরিজ শুরুর ঠিক আগের দিন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন তিনি। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।