খেলা

আবারও টেস্ট দলের অধিনায়ক হলেন শান্ত


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

আবারও টেস্ট দলের অধিনায়ক হলেন শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট নেতৃত্বে আবারও ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২০২৭) চক্রে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শান্তকেই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে গত জুনে শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে দলের নেতৃত্ব হারান শান্ত। এরপর একই সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে চার মাসের বিরতির পর আবারও টেস্ট দলের হাল ধরছেন এই ব্যাটার।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শান্ত বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে যেতে পারাটা আমার জন্য সম্মানের। বোর্ড আমার প্রতি যে আস্থা রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমি চেষ্টা করব এই দায়িত্বের যোগ্য প্রতিদান দিতে।”

shanto1_Dhakaprokash.jpg
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

শান্তর অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৪টি টেস্ট- এর মধ্যে জয় এসেছে ৪টিতে, ড্র ১টি, আর পরাজয় ৯টি। পাকিস্তানের মাঠে দুটি টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এদিকে, তিন ফরম্যাটে এখন বাংলাদেশ দলে তিনজন ভিন্ন অধিনায়ক রয়েছেন- টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস।

আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যদিও এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবুও সিরিজে টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন শান্ত। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯ নভেম্বর থেকে।