খেলা

বিসিবি থেকে পদত্যাগ করছেন সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

বিসিবি থেকে পদত্যাগ করছেন সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে তার জাতীয় দলের সঙ্গে শেষ দায়িত্ব। ধারণা করা হচ্ছে, আজই তিনি আনুষ্ঠানিকভাবে বোর্ডে পদত্যাগপত্র জমা দেবেন।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত সালাহউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে এক সুপরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও দায়িত্বে ছিলেন।

২০১৪ সালে তিনি সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন এবং আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্যভাবে উন্নত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ও ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেটধারী মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে গণ্য করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।

দেশীয় ক্রিকেটে সালাহউদ্দিনের অবদান অনস্বীকার্য। তরুণ ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা ও খেলায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে তার কোচিং দর্শন ব্যাপকভাবে প্রশংসিত। তার পদত্যাগের খবরে ক্রিকেটাঙ্গনে ইতোমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র: ডেইলি সান