খেলা
জাহানারা ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রীড়া অঙ্গন। এ ঘটনায় এবার মুখ খুলেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লেখেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারার প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আশা করি। তদন্ত কমিটি যেন সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।
এর আগে ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ বিশ্বকাপের সময় মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির তীব্র অভিযোগ তুলে ধরেন। জাহানারা জানান, মনজুরুল ক্যাম্প চলাকালীন নারী ক্রিকেটারদের কাছে অনৈতিক আচরণ করতেন।
তিনি বলেন, মনজুরুল একবার আমার কাঁধে হাত রেখে আমার পিরিয়ডের কথা জানতে চেয়েছিলেন এবং পরে অনৈতিক উদ্দেশ্যে আমাকে ডাকার চেষ্টা করেছিলেন। বিশ্বকাপের সময় ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও তিনি আমাকে জড়িয়ে ধরতেন।
এই অভিযোগের কারণে বিসিবি তদন্ত শুরু করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।