খেলা

আবুধাবিতে বসছে আইপিএল নিলামের আসর, চূড়ান্ত তারিখ জানালো বোর্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

আবুধাবিতে বসছে আইপিএল নিলামের আসর, চূড়ান্ত তারিখ জানালো বোর্ড
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ আইপিএল নিলামের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম।

এর ফলে টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের নিলাম হয়েছিল দুবাইয়ে, আর গত আসরের দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয় জেদ্দায়।

বিসিসিআই সূত্র জানিয়েছে, ভারতের বিয়ের মৌসুমে হোটেল সংকটের কথা বিবেচনায় রেখেই এবারের নিলাম বিদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সম্প্রচার সুবিধার জন্যও ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগেই নিলাম আয়োজন করা হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বিকেলের মধ্যে ছেড়ে দেওয়া এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে।

২০২৫ আইপিএল শেষে শুরু হওয়া ট্রেডিং উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকবে এবং পরে তা আবার চালু হবে ২০২৬ আসর শুরুর এক মাস আগে পর্যন্ত। তবে এবারের নিলামে কেনা কোনো খেলোয়াড়কে চলতি মৌসুমে ট্রেড করার অনুমতি পাবে না ১০টি ফ্র্যাঞ্চাইজি।

ইতিমধ্যেই কয়েকটি বড় ট্রেড সম্পন্ন হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে দলে নিয়েছে, বিনিময়ে দিয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে।

এছাড়া, মুম্বাই ইন্ডিয়ান্স দুইটি বড় চুক্তি সম্পন্ন করেছে- ২ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টস থেকে শার্দুল ঠাকুর এবং ২ কোটি ৬০ লাখ রুপিতে গুজরাট টাইটান্স থেকে শেরফানে রাদারফোর্ডকে দলে নিয়েছে। অপরদিকে, লখনউ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অর্জুন টেন্ডুলকারকে ৩০ লাখ রুপিতে দলে টেনেছে।

২০২৬ সালের আইপিএল আসর আগামী ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।