খেলা
আসন্ন বিপিএলে না খেলার সিদ্ধান্ত তামিম ইকবালের
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্লেয়ার্স ড্রাফ্ট থেকে নিজের নাম সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তামিম নিজেই।
তামিম বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। আমি শাহরিয়ার নাফীসকে ড্রাফ্ট থেকে আমার নাম সরিয়ে দেওয়ার অনুরোধ করেছি।” ২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিটি মৌসুমে অংশ নেওয়া তামিম এ টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার। ফরচুন বরিশালের হয়ে টানা দুই মৌসুমে শিরোপা জয়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে যেমন, ব্যাটার হিসেবেও ছিলেন সমান উজ্জ্বল।
তবে এবারের বিপিএলে না খেলার সিদ্ধান্ত তামিম ভক্তদের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। তাঁর বর্তমান শারীরিক অবস্থা এবং ফরচুন বরিশালের এ মৌসুমে অংশ না নেওয়ার সিদ্ধান্তও তামিমকে সরে দাঁড়াতে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
৩৬ বছর বয়সী তামিম চলতি বছরের মার্চের পর থেকে কোনো ধরনের পেশাদার ক্রিকেট খেলেন না। ঘরোয়া একটি ম্যাচ চলাকালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন বেশিরভাগ সময়।
এ সময়ের মধ্যে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল।