খেলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, পুরো বিষয়টি ব্যাখ্যা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে জানাতে। তিনি লেখেন, “আমি বিসিবিকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো ঘটনা ব্যাখ্যা করে চিঠি দেয়। বোর্ডকে জানাতে হবে—যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”

এ প্রসঙ্গে আসিফ নজরুল আরও জানান, বিসিবিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এছাড়া বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে কেবল একজন ক্রিকেটারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মনে করছেন।