খেলা
ভারতে খেলার বাধ্যবাধকতা দেয়নি আইসিসি: বিসিবি সভাপতি বুলবুল
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলের ওপর ভারতে খেলার কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা দেওয়া হয়নি-এটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো–র প্রতিবেদনের খবরকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, আইসিসি বলেছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মানতে হবে এবং না মানলে পয়েন্ট কাটা যাবে। বিসিবি সভাপতি এই খবরকে সম্পূর্ণ ভুল হিসেবে উড়িয়ে দিয়েছেন।
বুলবুল বলেন, “আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে বা পয়েন্ট কাটা হবে। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা জানতে চেয়েছে আমরা কেন ভারতে খেলতে চাইছি না। আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়গুলো ইতিমধ্যেই ইমেইলে পাঠানো হয়েছে। গতকাল রাতেও আইসিসি সেই উদ্বেগের পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে।”
তিনি আরও জানান, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বোর্ডের উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো শীঘ্রই আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতে আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। ফলে হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব।
বিসিবি নিশ্চিত করেছে, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের প্রথম অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে খেলার পরিবেশ নিয়ে বোর্ড এখনও চিন্তিত এবং আইসিসির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে। বিসিবি সবাইকে বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।