খেলা

নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিশোধের মিশন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম

নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিশোধের মিশন
ছবি: সংগৃহীত

দুই বছর আগে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেটিই ছিল এই টুর্নামেন্টের প্রথম আসর। সেই ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

লতা মণ্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। দুই বছর পর আবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী-এবার নেতৃত্বে ফাহিমা খাতুন। প্রশ্ন একটাই-এবার কি ফাইনালের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?

ফাহিমা খাতুনের নেতৃত্বে এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী এ দল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে দলটি। গ্রুপে বাংলাদেশ ৪ রানে শ্রীলঙ্কাকে, ৩ উইকেটে থাইল্যান্ডকে এবং বিশাল ৯০ রানে মালয়েশিয়াকে হারায়। এই পারফরম্যান্সেই স্পষ্ট হয়ে যায়, শিরোপার লড়াইয়ে বাংলাদেশ কতটা দৃঢ়প্রতিজ্ঞ।

সেমিফাইনালে এসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে আরও একধাপ এগিয়ে যায় ফাহিমা বাহিনী। ১১০ রান করেও বাংলাদেশ জেতে ৫৪ রানের বড় ব্যবধানে। ওই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন নিজেই। প্রথমে ব্যাট হাতে তিনি খেলেন ৪০ রানের অপরাজিত ইনিংস। পরে লেগ স্পিনে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান ‘এ’ মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়।

অন্যদিকে, ভারত নারী এ দল ফাইনালে উঠেছে অধিনায়ক রাধা যাদব-এর দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। ওই ম্যাচে রাধা বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১১৯ রানের লক্ষ্য ভারত তুলে নেয় ৩৯ বল হাতে রেখেই।

এবারের আসরে বাংলাদেশ টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল এবং এখন পর্যন্ত চার ম্যাচ জিতে অপরাজিত রয়েছে। বিপরীতে ভারত গ্রুপ পর্বেই সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরেছে, যা তাদের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।

এই টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে ইংল্যান্ডে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ও চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের অংশ হিসেবেই জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বিসিবি। যেখানে অন্য দলগুলো মূলত পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে খেলছে, সেখানে বাংলাদেশ এসেছে পূর্ণ প্রস্তুতি নিয়ে।

সব মিলিয়ে নারী রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনাল শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়-এটি বাংলাদেশের জন্য দুই বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। ফাহিমা খাতুনের নেতৃত্বে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।