খেলা

মধ্যপ্রাচ্য সংকটে জিম্বাবুয়ের পর ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ দল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

মধ্যপ্রাচ্য সংকটে জিম্বাবুয়ের পর ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ দল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পর দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ের পর এবার ভারতে আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। কলকাতায় অবস্থান করছেন শিমরন হেটমায়ার ও শাই হোপসহ পুরো স্কোয়াড।

মঙ্গলবার (৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলমান সংঘাতের প্রভাবে দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলা জিম্বাবুয়ে ক্রিকেট দলও দেশে ফিরতে পারেনি। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটিকে বিশেষ ব্যবস্থায় দিল্লিতেই রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের যাত্রা অনিশ্চিত থাকছে।

এর আগে, গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ খেলে বিদায় নেওয়া পাকিস্তান দল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে ফিরতে সক্ষম হয়। তবে একই দিনে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে গোটা অঞ্চলে নিরাপত্তা শঙ্কা বেড়ে যায়। এর ফলে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ট্রানজিট রুটে নির্ভরশীল বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।

পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের ‘ক্রমবিকাশমান পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটি বলেছে, টুর্নামেন্টের সঙ্গে সংকটের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও বিপুলসংখ্যক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মী ও ইভেন্ট স্টাফ নিজেদের দায়িত্ব শেষ করে দেশে ফেরার ক্ষেত্রে পারস্য উপসাগরীয় অঞ্চলের হাব বিমানবন্দর—বিশেষ করে দুবাইয়ের ওপর নির্ভরশীল। তাই ভ্রমণ, লজিস্টিকস ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসি ব্যাপক আপদকালীন পরিকল্পনা সক্রিয় করেছে।

এক বিবৃতিতে আইসিসি আরও জানায়, তাদের ট্রাভেল ও লজিস্টিকস টিম ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকল্প হাব ব্যবহার করে সংযোগ নিশ্চিত করার জন্য প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করছে। পাশাপাশি সংস্থাটির নিরাপত্তা পরামর্শকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে রিয়েল-টাইম পরিস্থিতি মূল্যায়ন করছেন। ভ্রমণসংক্রান্ত সহায়তার জন্য একটি বিশেষ আইসিসি ট্রাভেল সাপোর্ট ডেস্কও চালু করা হয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্টের বাকি সূচি নির্ধারিত সময়েই সম্পন্ন করার প্রস্তুতি অব্যাহত রয়েছে।