খেলা

‘এ বছর হচ্ছে না বিপিএল, গত ২ আসরে বিসিবির লস ৪০ কোটি টাকা’


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

‘এ বছর হচ্ছে না বিপিএল, গত ২ আসরে বিসিবির লস ৪০ কোটি টাকা’
ছবি: সংগৃহীত

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি স্পষ্ট করেছেন।

বিপিএলের গত দুই আসরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তামিম। তার মতে, যে টুর্নামেন্টে বড় অঙ্কের লোকসান হয়, সেটিকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই।

তামিম বলেন, গত দুই আসরে বিপিএল থেকে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও বড় অঙ্কের লোকসানের আশঙ্কা থাকলে টুর্নামেন্ট আয়োজনকে তিনি অগ্রাধিকার দিতে চান না।

তবে বিপিএলকে ভালো একটি ক্রীড়া পণ্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজন করা গেলে সেই আগ্রহ আরও বাড়ানো সম্ভব।

এ কারণে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিম। প্রয়োজন হলে ১২, ১৮ কিংবা ২৪ মাস সময় নিয়ে হলেও সঠিকভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান তিনি। অন্যথায় বিপিএল আয়োজন না করার পক্ষেই তার অবস্থান।

এদিকে বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, দেশের আইন, নীতিমালা ও অন্যান্য বিধিবিধান বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশগ্রহণের অনুকূলে রয়েছে কি না, তা আগে পরিষ্কারভাবে যাচাই করতে হবে।

বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ থাকলেও দেশের কোনো নীতিমালার কারণে তাদের অংশগ্রহণ সম্ভব না হলে সেটি বাস্তবায়ন করা যাবে না বলেও জানান তামিম।