খেলা
বাংলাদেশে যা পেয়েছি, তার তুলনা হয় না: হামজা চৌধুরী
বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নামা মানেই জনস্রোতের ঢল, আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হওয়া—এটাই ছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর জীবনের এক অনন্য অভিজ্ঞতা।
সম্প্রতি ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেছেন এই ফুটবলার। বলেছেন, “যখন বাংলাদেশে যাই, আমি আমার গ্রামের বাড়িতে ফিরি। সেটা ছিল একেবারে গ্রামীণ পরিবেশ। ছোটবেলায় অনেকটা সময় ওই গ্রামেই কাটিয়েছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর উষ্ণ ভালোবাসা ভাষায় প্রকাশ করা কঠিন। ছেলেরা এই অভিজ্ঞতা নিয়ে অনেক আলোচনা করে। এটা ছিল একেবারে পরাবাস্তব অভিজ্ঞতা। আমি মনে করি না, এমন ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হতে পারে।”
বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন এবং দেশের মানুষের অসামান্য ভালোবাসায় বিমুগ্ধ হন। দেশের মাটিতে পাওয়া শ্রদ্ধা, সমর্থন এবং হৃদয়ের সংযোগ তার কাছে ছিল এক অপরিমেয় অনুভূতি, যা তার ফুটবল ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে বলেই জানান তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডাকে সাড়া দিয়ে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া হামজার এ সফর কেবল ফুটবলীয় নয়, বরং এক গভীর আবেগের স্মারক হয়ে রয়ে গেছে তার মনে।
ফুটবল ভক্তরা আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর পারফরম্যান্স আরও গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করবে।