খেলা
বিয়ের আগেই রোনালদো-জর্জিনার ‘বিচ্ছেদ চুক্তিপত্র’ ফাঁস
প্রায় এক দশক ধরে একসঙ্গে বসবাস করছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তানের এই অভিভাবক জুটি সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে রোনালদো প্রেমিকা জর্জিনাকে হীরার আংটি পরিয়ে বাগদানও সম্পন্ন করেছেন।
তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আলোচনায় এসেছে এক ‘বিচ্ছেদ চুক্তিপত্র’। সম্প্রতি পর্তুগালের একটি পত্রিকা ‘টিভি গুইয়া’ তাদের একটি প্রতিবেদনে এই তথ্য ফাঁস করেছে।

প্রতিবেদনে বলা হয়, জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভে ধারণ করেন, তখনই দুজন একটি ‘আইনি চুক্তি’তে স্বাক্ষর করেন। সেই চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলে জর্জিনা প্রতি মাসে ভরণপোষণ হিসেবে পাবেন ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।
এছাড়া রোনালদোর মালিকানাধীন মাদ্রিদের বিলাসবহুল বাড়ি ‘লা ফিনকা’তে বসবাসের অধিকার থাকবে জর্জিনার। সন্তানদের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিয়েই মূলত এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া।
জানা গেছে, এই শর্ত কার্যকর হয় তাদের কন্যা আলানা মার্টিনার জন্মের পর থেকেই। আলানা ছাড়া রোনালদোর আরও চার সন্তান রয়েছে, যাদের বড় করার দায়িত্বে জর্জিনা সরাসরি যুক্ত।

এছাড়া গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের ক্ষেত্রে রোনালদোর মোট সম্পদের একটি অংশ পাবেন জর্জিনা। উল্লেখ্য, ‘ফোর্বস’-এর হিসেবে রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা।
২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে প্রথম দেখা হয়েছিল রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প, যা এখনো চলছে নানা আলোচনার জন্ম দিয়ে।