খেলা

এমবাপে-ভিনিসিয়ুসের গোলে লেভান্তেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

এমবাপে-ভিনিসিয়ুসের গোলে লেভান্তেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে লেভান্তেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো মাদ্রিদ।

ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। প্রথম গোলটি আসে ৬৪ মিনিটে, পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে। দুই মিনিট পর (৬৬ মিনিটে) ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে খালি জালে বল জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।

real madrid1_Dhakaprokash.jpg

এমবাপে এ মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন ৯ গোল।

প্রথমার্ধে রিয়াল এগিয়ে যায় ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের গোলে। ২৮ মিনিটে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শটে জালের দেখা পান তিনি, তিন ম্যাচ পর গোল করে ফেরেন ছন্দে। সাম্প্রতিক ম্যাচগুলোতে কোচ আলোনসোর সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ভিনি—এই গোল যেন তার জবাবও।

রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পান আর্জেন্টাইন কিশোর প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ৩৮ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচটি স্মরণীয় করে রাখেন নিজের জন্য।

real madrid2_Dhakaprokash.jpg

লেভান্তে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৫৪ মিনিটে এত্তা আইয়ংয়ের হেড থেকে এক গোল শোধ করে নবাগত দলটি। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮, যা দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট বেশি। বার্সা অবশ্য বৃহস্পতিবার নবাগত ওভিয়েদোর বিপক্ষে খেলবে।

প্রমোশন পাওয়া লেভান্তে মৌসুমের প্রথম চার ম্যাচে জয়হীন থাকলেও আগের রাউন্ডে জিরোনাকে ৪-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল। তবে মাদ্রিদের সামনে এসে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয় তারা।