খেলা

বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে রোকেয়া পদক নিচ্ছেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

আজ ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ঋতুপর্ণাসহ চার নারীকে দেওয়া হয়েছে বেগম রোকেয়া পদক। নারীশিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী আজ। নানা আয়োজনে দিনটি পালন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ নারী ফুটবল দল পরপর দুবার (২০২২ ও ২০২৪) জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ, ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বেও।

 এই পথচলায় বড় ভূমিকা রেখেছেন ‎রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা। এই সাফল্যে পুরস্কার হিসেবে এর আগে প্রথমবারের মতো একুশে পদক পেয়েছে জাতীয় নারী ফুটবল দল। এবার ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ঋতুপর্ণাসহ চার নারীকে দেওয়া হয়েছে বেগম রোকেয়া পদক।

পাহাড়সম বাধা পেরিয়ে এই পর্যায়ে আসা ঋতুপর্ণা পুরস্কার পেয়ে বলেন, ‘সব পুরস্কারই সম্মানের। তবে এটার গুরুত্বটা বেশি। যেহেতু এটা জাতীয় পুরস্কার। তবে এ পুরস্কার দেশের নারীদের আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।’