খেলা

'অভিশপ্ত' র‍্যাংকিং বলছে বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:১০ পিএম

'অভিশপ্ত' র‍্যাংকিং বলছে বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্জেন্টিনা। সাম্প্রতিক প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২–১ গোলে হেরেছে ফ্রান্স। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে স্পেন।

এই ফলাফলের কারণে দুই ধাপ এগিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে এবং স্পেন রয়েছে দ্বিতীয় অবস্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল। ছয়ে আছে ব্রাজিল।

চলতি বছরের মার্চ থেকে ফিফা র‍্যাংকিংয়ে তাৎক্ষণিক আপডেট পদ্ধতি চালু হয়েছে, যেখানে ম্যাচের ফল ও গোলের ভিত্তিতে র‍্যাংকিং পরিবর্তিত হয়। বিশ্বকাপ শুরুর আগের দিন ১০ জুন আনুষ্ঠানিকভাবে হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করা হবে।

২০২৩ সালের এপ্রিল থেকে দীর্ঘদিন শীর্ষে ছিল আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে সেই অবস্থান হারালেও বিশ্বকাপের আগে আবার শীর্ষে ফিরেছে লিওনেল স্কালোনির দল। তবে এই শীর্ষস্থানই এখন দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের জন্য।

কারণ, ফিফা র‍্যাংকিং চালুর পর থেকে বিশ্বকাপে এক নম্বর দল কখনো শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ সালে শীর্ষে থাকা জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়, শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায়।

২০০২ সালে শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ ও ২০১৪ সালে যথাক্রমে ব্রাজিল ও স্পেন কোয়ার্টার ফাইনালেই থেমে যায়।

২০১৮ সালে এক নম্বরে থাকা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত সেই আসরে শিরোপা জেতে আর্জেন্টিনা।

এবার প্রশ্ন র‍্যাংকিংয়ের এই ‘অভিশাপ’ ভেঙে বিশ্বকাপ জিততে পারবে কি আর্জেন্টিনা?