খেলা

মেসির রেকর্ড গোলে জয়, শতভাগ সাফল্যে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১৯ এএম

মেসির রেকর্ড গোলে জয়, শতভাগ সাফল্যে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

একপেশে দাপট দেখিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা দলটি শেষ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে। বদলি হিসেবে নেমে লিওনেল মেসির রেকর্ডগড়া গোলেই জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির দলের।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে লাউতারো মার্টিনেজ ব্যবধান বাড়িয়ে করেন ২-০।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি নামা মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে গতি বাড়ান তিনি। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিক দারুণ শটে জালে জড়িয়ে দলের তৃতীয় গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েন তিনি।

গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।