খেলা

হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম

হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
ছবি: সংগৃহীত

মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবেন হামজা। এরপর ক্লাবের বাণিজ্যিক কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন এই ফরোয়ার্ড।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনায় যোগ দেন হামজা আবদেলকারিম। শুরুতে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে খেললেও অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

৮ মার্চ ওস্কারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার অনূর্ধ্ব ১৯ ‘এ’ দলের হয়ে অভিষেক হয় হামজার। প্রথম ম্যাচেই গোল করেন তিনি। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে নয়টি গোল করে আলোচনায় উঠে আসেন এই মিশরীয় ফরোয়ার্ড।

মন্টেকার্লোর বিপক্ষে ৯ ০ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করেন হামজা। ওই ম্যাচেই বার্সেলোনার অনূর্ধ্ব ১৯ দল ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।

২০২৬ সালের গ্রীষ্মে হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে মৌসুম শুরুর প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রস্তুতি পর্বে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও হন হামজা। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দলের পরিকল্পনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি।

অবশেষে ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় হামজার। মাত্র কয়েক মাসের ব্যবধানে যুব দল থেকে প্রথম দলে উঠে এসে ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হয়ে উঠেছেন এই তরুণ ফরোয়ার্ড। ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি তার ওপর বার্সেলোনার আস্থারই বড় প্রমাণ।