সারাদেশ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তার ছেলে নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

টাঙ্গাইলে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তার ছেলে নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শিহাদ নামে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাদ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার বাবা শফিকুল ইসলাম ময়মনসিংহে পুলিশের উপপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।

নিহতের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস বিপ্রবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাদকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত শিহাদের মরদেহ বর্তমানে মধুপুর থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মধুপুর থানা পুলিশ।