রাজনীতি
জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন রাশেদ খাঁন। পরে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগের কারণেই আওয়ামী লীগ আবারও মাঠে নামার সাহস পাচ্ছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে একত্র হয়ে জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, গুলশানসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতের সম্পৃক্ততা থাকতে পারে। জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।