জাতীয়

চলতি বছরেই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

চলতি বছরেই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।