রাজনীতি

ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী
ছবি: সংগৃহীত

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার, ১২ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ কাজে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিএনপি ক্ষমতায় রয়েছে। দলের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ বা পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, এমন নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও রক্ত ও ঘাম রয়েছে। তারাও এই সরকারের অংশ।

নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, সরকারের এই কর্মসূচি সফল করতে মহিলা দলের নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।