খেলা

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। আর সেই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চে শেষ হয়ে গেল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায়। ম্যাচ শেষে তার আবেগঘন মুহূর্ত ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়।

ম্যাচ শেষে ধীর পায়ে মাঠ ছেড়ে টানেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাথা নিচু, চোখে হতাশার ছাপ। ক্যামেরাও যেন তাকে অনুসরণ করছিল মাঠ থেকে ড্রেসিংরুম পর্যন্ত যেন ফুটবল ইতিহাসের এক অধ্যায়ের শেষ দৃশ্য ধারণ করতে চাইছিল।

অন্যদিকে একই সময়ে ডালাসের মাঠে উচ্ছ্বাসে ভাসছিল স্পেন। খেলোয়াড়দের উদযাপন আর গ্যালারিতে সমর্থকদের আনন্দ যেন একেবারেই বিপরীত চিত্র তুলে ধরছিল এক দলের আনন্দ, অন্য দলের বেদনা।

দীর্ঘ সময় ধরে ম্যাচটি ছিল সমানতালে লড়াইয়ের। বল দখলে এগিয়ে থেকেও স্পেন পর্তুগালের রক্ষণ ভাঙতে পারছিল না। পর্তুগালও পাল্টা আক্রমণে খুব বেশি ঝুঁকি নেয়নি। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল।

তবে নির্ধারিত সময়ের যোগ করা সময়ের প্রথম মিনিটেই বদলে যায় সবকিছু। ফেরান তোরেসের পাস থেকে সুযোগ পেয়ে বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো ঠান্ডা মাথায় বল জালে জড়ান। সেই এক গোলেই নিশ্চিত হয় স্পেনের কোয়ার্টার ফাইনাল, আর বিদায় নিশ্চিত হয় পর্তুগালের।

গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। শেষ মুহূর্তে একাধিক আক্রমণ চালালেও স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রবার্তো মার্তিনেসের দলকে।

শেষ বাঁশি বাজার পর স্পেন যখন উদযাপনে মেতে ওঠে, তখন পর্তুগাল শিবিরে নেমে আসে নীরবতা। সেই নীরবতার মধ্যেই মাঠ ছাড়েন রোনালদো যার প্রতিটি পদক্ষেপ যেন বিদায়ের গল্প বলছিল।

এই আবেগঘন মুহূর্তে এগিয়ে এসে রোনালদোকে সান্ত্বনা দেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। দুই প্রজন্মের দুই তারকার এই দৃশ্য ফুটবলের সৌন্দর্য ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকে।

স্পেন এগিয়ে গেছে, পর্তুগাল বিদায় নিয়েছে। আর বিশ্বকাপ বিদায় জানাল এমন এক কিংবদন্তিকে, যিনি শিরোপা না জিতলেও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই।