খেলা

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্স কোচ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্স কোচ
ছবি: সংগৃহীত

রেফারিং ও ভিএআর বিতর্কে উত্তপ্ত বিশ্বকাপের আবহে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিলেন, তার দলের মূল লক্ষ্য শুধু প্রতিপক্ষ মরক্কো রেফারি নয়।

বুধবার আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে রেফারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসে। এ নিয়ে সাবেক খ্যাতনামা রেফারিরাও ভিন্নমত দিয়েছেন। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

তবে বরাবরের মতো শান্তভাবেই পরিস্থিতি সামাল দেন তিনি। রেফারিং নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য না করে দেশম বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে।’

ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি ও সহকারী রেফারিসহ পুরো অফিসিয়াল প্যানেল আর্জেন্টিনার হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও দেশম তা গুরুত্ব দেননি। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

গত বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই হারের প্রতিশোধ নিতে মরক্কো মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফুটবলে প্রতিশোধের বিষয়টি মানতে নারাজ দেশম। তার ভাষায়, ‘ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। প্রতিশোধের কোনো বিষয় এখানে নেই।’

বর্তমান আসরেও দারুণ ফর্মে রয়েছে মরক্কো। তাদের পারফরম্যান্সের প্রশংসা করে ফরাসি কোচ বলেন, ‘তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে।’

কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলের মতো তারকাদের নিয়ে ফ্রান্সের আক্রমণভাগ শক্তিশালী। মাঝমাঠে মাইকেল ওলিসের পারফরম্যান্সও নজর কাড়ছে। চলতি বিশ্বকাপে সর্বাধিক গোল করা দলগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম হলেও আক্রমণভাগ আরও শক্তিশালী করার কথা ভাবছেন দেশম।

তিনি বলেন, ‘মরক্কো প্যারাগুয়ের মতো দল নয়। তারা নেদারল্যান্ডসকে হারিয়ে এই পর্যায়ে এসেছে।’

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দেশম। ২০২২ সালে তার অধীনেই দলটি রানার্সআপ হয়। এই বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও বর্তমানে সে বিষয়ে ভাবছেন না তিনি।

দেশম বলেন, ‘এখন আমার পুরো মনোযোগ মরক্কো ম্যাচে। ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে ভাবছি না।’