খেলা

বিশ্বকাপের ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি দে লা ফুয়েন্তে ও স্কালোনি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

বিশ্বকাপের ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি দে লা ফুয়েন্তে ও স্কালোনি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন ও আর্জেন্টিনা। সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে হারিয়ে এবং আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে নিশ্চিত করেছে মহারণের টিকিট। ফলে ফুটবল বিশ্ব অপেক্ষায় এক হাইভোল্টেজ লড়াইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

তবে এই ফাইনালের বিশেষ আকর্ষণ শুধু দুই পরাশক্তির দ্বৈরথ নয়, বরং ডাগআউটে থাকা এক আবেগঘন সম্পর্ক। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একসময় ছিলেন গুরু ও শিষ্য। এবার সেই সম্পর্ক ছাপিয়ে তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বী।

২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যোগ দেন স্কালোনি। সে সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাস কোচিং একাডেমিতে প্রশিক্ষণ নেন তিনি, যেখানে প্রশিক্ষকদের একজন ছিলেন দে লা ফুয়েন্তে। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে স্কালোনিকে দিকনির্দেশনা দেন এই স্প্যানিশ কোচ।

স্কালোনি অতীতে একাধিকবার জানিয়েছেন, দে লা ফুয়েন্তে তাকে এবং তার মতো অনেক কোচকে পথ দেখিয়েছেন। একইভাবে দে লা ফুয়েন্তেও স্কালোনির প্রশংসা করে তাকে ‘মাস্টার’ হিসেবে উল্লেখ করেছেন, যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন।

স্পেনের সঙ্গে স্কালোনির সম্পর্ক ব্যক্তিগত জীবনেও গভীর। তার স্ত্রী স্প্যানিশ এবং পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন স্পেনে বসবাস করছেন। খেলোয়াড়ি জীবনেও তিনি দেপোর্তিভো লা করুনা, রেসিং সান্তান্দের ও মায়োর্কার হয়ে খেলেছেন।

ফাইনালের আগে দুই কোচের কথায় ফুটে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব। দে লা ফুয়েন্তে জানিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে তিনি খুশি হবেন, আর স্কালোনিও স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

তবে সব সৌহার্দ্য এখন মাঠের বাইরে। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে রবিবারের ফাইনালে নির্ধারিত হবে ফুটবলের সেরা পুরস্কার জিতবেন গুরু, নাকি তারই সাবেক শিষ্য।