খেলা

ফাইনালে মেসিকে ঠেকাতে ইয়ামালের কাছে আইশোস্পিডের আকুতি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

ফাইনালে মেসিকে ঠেকাতে ইয়ামালের কাছে আইশোস্পিডের আকুতি
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠায় উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থকরা। তবে এতে হতাশ হয়েছেন মেসি-বিরোধী অনেক ভক্ত, যাদের মধ্যে আছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড।

ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট নির্মাতা এবার মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন থামাতে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে আবেদন জানিয়েছেন।

নিজের ইউটিউব লাইভে আইশোস্পিড বলেন, ‘তোমার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও, দয়া করে।’

এরপর রোনালদো ভক্তদের পক্ষ থেকে ইয়ামালের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদো ভক্ত হিসেবে আমাদের আর কিছু বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের বাঁচাও।’

রোনালদোর প্রতি আইশোস্পিডের সমর্থন অনেক পুরোনো। পর্তুগিজ এই তারকার খেলা দেখতে তিনি বিভিন্ন দেশে গেছেন এবং তার গোল উদযাপনে বহুবার আবেগ প্রকাশ করেছেন। তার অনলাইন পরিচয়ের বড় অংশজুড়েই রয়েছে রোনালদোর প্রতি এই সমর্থন।

চলতি বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা আরও হতাশ করেছে তাকে। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ ট্রফির সংখ্যা হবে দুটি, যা রোনালদোর সঙ্গে তুলনায় নতুন করে আলোচনার জন্ম দেবে।

এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে থামাতে আইশোস্পিড বিভিন্ন দলের পক্ষে সমর্থন দিলেও তা কাজে আসেনি। নকআউট পর্বে তিনি কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে ছিলেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার জার্সি পরে ‘রিভার্স জিংক্স’-এর আশায় লাইভও করেন। কিন্তু তাতেও থামেনি আর্জেন্টিনার জয়যাত্রা।

এখন তার শেষ ভরসা স্পেন এবং তরুণ তারকা লামিনে ইয়ামাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা স্পেন মাত্র একটি গোল হজম করে ফাইনালে উঠেছে। সেই পথে ইয়ামালের পারফরম্যান্সও ছিল গুরুত্বপূর্ণ। ফাইনালে মেসির আর্জেন্টিনাকে থামানোর দায়িত্ব যেন তার কাঁধেই তুলে দিয়েছেন আইশোস্পিড।