খেলা
স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? যা জানাল সুপার কম্পিউটার
ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, যেখানে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে।
কে জিতবে শিরোপা এ প্রশ্নে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস দিয়েছে ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে স্পেন।
অপটার বিশ্লেষণে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ।
তবে এই পূর্বাভাস নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু পূর্বাভাস মিললেও, সেমিফাইনালে সেই হিসাব ঠিকঠাক কাজ করেনি। তাই আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে পারে।
বিশ্বকাপ ইতিহাসে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।
একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে আবেগ, অন্যদিকে তরুণ স্প্যানিশ দলের দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে ফাইনালটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ।
পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও, ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি সেই অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।