খেলা

স্পেন শুরুতে গোল পেলে আর্জেন্টিনাকে আরও তিন-চারটা দেবে: টনি ক্রুস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

স্পেন শুরুতে গোল পেলে আর্জেন্টিনাকে আরও তিন-চারটা দেবে: টনি ক্রুস
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বে চলছে নানা পূর্বাভাস। সেই তালিকায় নিজের মতামত জানিয়েছেন জার্মানির সাবেক তারকা মিডফিল্ডার টনি ক্রুস। ভাইয়ের পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবেই স্পেনকে এগিয়ে রেখেছেন।

ক্রুস মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলকে জার্মানির চেয়েও শক্তিশালী বলা যাবে না। যদিও এবারের আসরে জার্মানি নকআউট পর্বের শুরুতেই প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। তবুও তার দৃষ্টিতে দলগত শক্তির বিচারে আর্জেন্টিনা খুব বেশি এগিয়ে নয়।

তবে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা দেখছেন লিওনেল মেসি-এর। পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে ৮ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৩৯ বছর বয়সেও নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন এই মহাতারকা।

মেসির প্রশংসা করলেও ফাইনালে আর্জেন্টিনার সম্ভাবনা খুব একটা দেখছেন না ক্রুস। তার মতে, ম্যাচে যদি স্পেন শুরুতেই গোল করে এগিয়ে যেতে পারে, তাহলে ব্যবধান আরও বড় হবে। “স্পেন যদি ১-০ তে এগিয়ে যায়, তাহলে তারা আরও তিন-চার গোল করবে, আর্জেন্টিনা তখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে না” এভাবেই নিজের বিশ্লেষণ তুলে ধরেন তিনি।

ক্রুস আরও বলেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের মানসিকতা এবং মেসির অসাধারণ বুদ্ধিমত্তা। তিনি স্বীকার করেন, ২০২২ সালের বিশ্বকাপের পরই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে বলে ভেবেছিলেন, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই মহারণের দিকে।