খেলা
ফিফার তদন্তে বড় শাস্তির শঙ্কা, নিষেধাজ্ঞায় পড়তে পারেন প্যারেদেস
বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটির তদন্তে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ-পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্যারেদেস প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি অন্তত তিনবার আগ্রাসী আচরণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
তবে তদন্তের আওতায় রয়েছেন শুধু প্যারেদেসই নন। আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
একই ঘটনায় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও অসংলগ্ন আচরণের অভিযোগে তদন্তের অন্তর্ভুক্ত করেছে ফিফা।
ফাইনাল ঘিরে আরও কিছু বিষয়ও পর্যালোচনা করছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগ। এসব ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, ম্যাচ কমিশনারের প্রতিবেদন এবং অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হবে।
প্যারেদেসের বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হলে ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিতে বড় ধাক্কা খেতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।