খেলা

মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম

মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্পেনের একটি ক্রীড়া সংবাদমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও থ্রি নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হোর্হে মেসি। চিকিৎসকদের পর্যবেক্ষণেও ছিলেন তিনি।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তিনি তখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছিলেন।

এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে। তখন মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তার স্বজনদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরও মেসির পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করার খবর পাওয়া যায়নি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা হোর্হে মেসির। মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ফুটবল খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবেও কাজ করেন হোর্হে মেসি।