খেলা

বিশ্বকাপে যাওয়া হচ্ছে না, ক্রিকেটারদের সময় কাটছে টেপ টেনিস খেলে!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

বিশ্বকাপে যাওয়া হচ্ছে না, ক্রিকেটারদের সময় কাটছে টেপ টেনিস খেলে!
ছবিঃ সংগৃহিত

বিপিএল শেষ তাই মিরপুরে সুনসান নীরবতা। এই সময় বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে থাকার কথা ছিল। প্রধান কোচ ফিল সিমন্স শিষ্যদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন।

কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না। ক্রিকেটারদের ছুটি। পরিবারকে সময় দিতে দেশে ফিরে যাচ্ছেন সিমন্স। তার সঙ্গে বিদেশি কোচরা ছুটিতে যাচ্ছেন।

এদিকে বেশির ভাগ ক্রিকেটার নিজ নিজ এলাকায় সময় কাটাচ্ছেন। বেশ কয়েকজন টেপ টেনিস ক্রিকেট খেলছেন। পাকিস্তানের বিপক্ষে আগামী মে’তে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়াতে পারে।

বিপিএলের শেষদিকে সিমন্স ঢাকায় আসেন বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে। এসেই শোনেন বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চত। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ মিস করায় ক্রিকেটার ও দর্শকদের মতো তিনিও হতাশ।

ছুটিতে যাওয়ার আগে সিমন্স জানান, ‘বিশ্বকাপে না খেলতে পারা খুবই হতাশার।’ খেলোয়াড়রাও ছুটিতে। মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ দলের আর কোনো খেলা নেই। এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘সবাই ছুটিতে থাকবে। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে নতুন পরিকল্পনা হলে সবাইকে ডাকা হবে।’

যাওয়ার আগে বুধবার মিরপুরের উইকেট নিয়ে প্রধান কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে কথা বলেছেন সিমন্স। মঙ্গলবার বিকালেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরপুরের উইকেট দেখেছেন। হেমিংয়ের সঙ্গে কথা বলেছেন।