খেলা

তদন্তে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

তদন্তে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে চারটি অভিযোগের মধ্যে দুটি অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সোমবার তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্তের ফল প্রকাশ করেছে বিসিবি।

বিসিবি জানায়, গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারা আলম চারটি নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। দুই মাসব্যাপী তদন্ত শেষে কমিটি অভিযোগগুলো পর্যালোচনা করে। এর মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রাথমিক সত্যতা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিবির পক্ষ থেকে এখনো জানানো হয়নি, তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না কিংবা ভবিষ্যতে দেশের ক্রিকেটে তাঁর সম্পৃক্ততা বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে তাদের শূন্য-সহনশীলতা নীতির আলোকে বিষয়টি পর্যালোচনার জন্য আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। বোর্ড জানিয়েছে, তাদের বিদ্যমান বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বাধীন তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।