খেলা

ইমরান খানের চিকিৎসার জন্য আন্তর্জাতিক ক্রিকেটারদের খোলা চিঠি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

ইমরান খানের চিকিৎসার জন্য আন্তর্জাতিক ক্রিকেটারদের খোলা চিঠি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান-এর স্বাস্থ্যের অবনতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্বের ১৪ জন সাবেক অধিনায়ক সম্প্রতি শাহবাজ শরিফ-কে খোলা চিঠি লিখে ইমরানকে ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা প্রদানের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, কারাগারে চিকিৎসার অভাবে ইমরানের একটি চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। পরিবারের দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এই পরিস্থিতি শুধু পাকিস্তানের মধ্যে নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়ার পত্রিকা ‘দ্য এইজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল খসড়া চিঠি প্রস্তুত করেছেন। এতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ এবং বেলিন্ডা ক্লার্ক।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইমরান খানের বন্দিজীবনের পরিস্থিতি এবং দৃষ্টিশক্তি হ্রাসের খবর তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সাবেক ক্রিকেটাররা তাঁর ক্রিকেটের অবদানও স্মরণ করেছেন। তারা লিখেছেন, “১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি পাকিস্তানকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নেতৃত্ব, ধৈর্য এবং ক্রীড়া মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।”

এই খোলা চিঠি এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তান কর্তৃপক্ষ দীর্ঘদিন তাঁর পরিবারের চিকিৎসকের দেখা দেওয়ার অনুরোধও মেনে নেয়নি। গত সপ্তাহে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারও ইমরানের যথাযথ চিকিৎসার দাবি তুলেছেন। ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা পাকিস্তানের ক্রিকেটারদেরও সমর্থনে কথা বলার আহ্বান জানিয়েছেন।