খেলা

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার ক্রীড়া বিপণন নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিচারের মুখোমুখি হওয়া এড়াতে তারা এ স্বীকারোক্তি দিয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা এক নথিতে বিষয়টি প্রকাশ করা হয়। হুগো ও মারিয়ানো জিনকিস দুজনই আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহমালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া বড় ধরনের দুর্নীতি তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

ওই তদন্তে ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিভিন্ন পর্যায়ে ব্যাপক দুর্নীতির তথ্য সামনে আসে। তদন্তের অংশ হিসেবে জুরিখে ফিফা কর্মকর্তাদের কার্যালয়ে অভিযান চালানো হয়। এরপর একের পর এক গ্রেপ্তার, বিচার, দোষী সাব্যস্ত হওয়া এবং কর্মকর্তাদের অপরাধ স্বীকারের ঘটনা ঘটে।

আদালতের নথি অনুযায়ী, সমঝোতার শর্তে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জিনকিসদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করবে। তবে এর বিনিময়ে তারা ৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন।

নথিতে আরও বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পাওয়ার জন্য হুগো ও মারিয়ানো জিনকিস ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ঘুষের ব্যবস্থা করেছিলেন।

বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা ও অন্যান্য আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সম্প্রচার এবং বিপণন স্বত্ব পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সমর্থন আদায়ে তারা বড় অঙ্কের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

২০১৫ সালের ফিফা দুর্নীতি কেলেঙ্কারি বিশ্ব ফুটবল প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ওই তদন্তের পর ফিফা এবং আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে।