খেলা

বাবার প্রতারণায় দেউলিয়া রাফিনিয়া, আয়ের বড় অংশ গায়েবের অভিযোগ 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৩ এএম

বাবার প্রতারণায় দেউলিয়া রাফিনিয়া, আয়ের বড় অংশ গায়েবের অভিযোগ 
ছবিঃ সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের তারকা উইঙ্গার রাফিনিয়া নিজের বাবার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে বড় ধরনের সংকটে পড়েছেন বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস। তার অভিযোগ, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। এর ফলে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় একটি অংশও তিনি নিজের কাছে রেখে দেন, অথচ বিষয়টি সম্পর্কে রাফিনিয়া কিছুই জানতেন না।

প্রতারণার বিষয়টি সামনে আসে সম্প্রতি একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেওয়ার সময়। ব্যাংক হিসাব পর্যালোচনা করতে গিয়ে রাফিনিয়া দেখেন, তার প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপর আর্থিক নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় রাফিনিয়া এখন আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি। নিজের উপার্জনের বড় অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত রাফিনিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে ব্রাজিলিয়ান সাংবাদিকের এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।