খেলা
ফুটবল ইতিহাসের অনন্য রেকর্ড: ব্রাজিলের কাছে কখনোই হারেনি নরওয়ে
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে রাউন্ড অব ৩২-এ দারুণ জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। এবার তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও ইতিহাস বলছে, নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। আশ্চর্যজনকভাবে, একবারও জিততে পারেনি ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, আর বাকি দুটি ড্র হয়েছে।
১৯৮৮ সালে প্রথম প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে দুই দল। এরপর ১৯৯৭ সালে আবারও প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ৪-২ গোলের স্মরণীয় জয় তুলে নেয় নরওয়ে।
১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা হয় দুই দলের। সেবার বেবেতোর গোলে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি ব্রাজিল। তোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে জয় পায় নরওয়ে।
এরপর ২০০৬ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে দুই দল। প্রায় দুই দশক পর এবার আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে।
বিশ্ব ফুটবলের ইতিহাসে নরওয়েই একমাত্র দেশ, যারা একাধিকবার ব্রাজিলের বিপক্ষে খেলেও কখনো হারেনি। সেই রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডের দল।
চলতি বিশ্বকাপে নরওয়ে চার ম্যাচে তিনটি জয় পেয়েছে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউটে ওঠার পর ফ্রান্সের কাছে হারে তারা। তবে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোতে উঠেছে।
অন্যদিকে, মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে ব্রাজিল। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে যোগ করা সময়ের নাটকীয় জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এবার দেখা যাক, ইতিহাসের সেই অপরাজিত রেকর্ড ধরে রাখতে পারে কি না নরওয়ে, নাকি শেষ পর্যন্ত ব্রাজিলই ভাঙবে বহু বছরের অপেক্ষা।