খেলা

এবার নেপাল প্রিমিয়ার লিগেও খেলবেন সাকিব


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

এবার নেপাল প্রিমিয়ার লিগেও খেলবেন সাকিব
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলতে যাচ্ছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টের তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।

ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে লিখেছে, “বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।”

২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি সাকিবকে। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর মতো ঘরোয়া প্রতিযোগিতাতেও অংশ নেননি তিনি। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ২০২১ সালে।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। পিএসএল ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে শিরোপাও জিতেছেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া এলপিএলে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে ৫ উইকেট শিকার করেন সাকিব। পুরো আসরে তার ইকোনমি ছিল ৬.৩৩।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার অনুষ্ঠিত নেপাল প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল জনকপুর বোল্টস। আর ২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস। এবার সেই টুর্নামেন্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে নামছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।