খেলা

অবসরের ইঙ্গিত দিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

অবসরের ইঙ্গিত দিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার
ছবিঃ সংগৃহীত

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আসন্ন মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে বিশ্বকাপে খেললেও এবার ক্লাব ক্যারিয়ার নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখের অধিনায়ক।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) দক্ষিণ বাভারিয়ায় এক প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৪০ বছর বয়সী নয়্যার বলেন, “আমার মনে হচ্ছে, এটাই সম্ভবত আমার শেষ মৌসুম।” গত মে মাসে তিনি বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন।

নয়্যার জানান, বায়ার্নের বর্তমান দল, কোচিং স্টাফ এবং ক্লাবের পরিবেশই তাকে আরও একটি মৌসুম খেলার অনুপ্রেরণা দিয়েছে। তিনি বলেন, “স্বাভাবিক পরিস্থিতিতে হয়তো আমি আগেই অবসর নিতাম। কিন্তু এই দল ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করছি।”

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের কাছে হেরে বিদায় নেয়। মৌসুমজুড়ে পেশি ও পিঠের চোটে ভুগলেও নয়্যার নিজের অভিজ্ঞতা ও নৈপুণ্যে দলের অন্যতম ভরসা ছিলেন।

তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন মৌসুমকে তিনি কোনো ‘বিদায়ী সফর’ হিসেবে দেখছেন না। তার ভাষায়, “আমি শুধু শেষ ম্যাচ খেলতে নামছি—এমন মানসিকতা নিয়ে মাঠে নামব না। বরং প্রতিটি ম্যাচই আগের মতো গুরুত্ব দিয়ে খেলতে চাই।”

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন ম্যানুয়েল নয়্যার। ২০১১ সালে শালকে ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তিনি ক্লাবটির হয়ে ১৩টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ এবং ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ইউরো ২০২৪–এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও বিশ্বকাপে আবারও দেশের জার্সিতে মাঠে নামেন তিনি। তবে জার্মানি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।