খেলা
ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা পুলিশ। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার-ব্যাটারের বিরুদ্ধে এক মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার পোরেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মামলাটির আইনি কার্যক্রম হুগলির চুঁচুড়া আদালতে চলছে।
মগরা থানায় করা এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অভিষেক। অভিযোগে আরও বলা হয়েছে, তাদের ব্যক্তিগত সময়ের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল ও ভয় দেখানো হয়।
এ ছাড়া ওই নারীকে বেআইনিভাবে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে ক্রিকেটারের বিরুদ্ধে।
মামলার তদন্তে পুলিশের ভূমিকা আরও সক্রিয় করতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। আদালতের নির্দেশের পর পুলিশ দ্রুত তদন্তে অগ্রসর হয়ে পোরেলকে হেফাজতে নেয়। আদালতের নির্দেশ অনুযায়ী তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অভিষেক পোরেল ঘরোয়া ক্রিকেটে বাংলার নিয়মিত খেলোয়াড়। ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়। পরবর্তীতে ভারত ‘এ’ দলেও জায়গা করে নেন তিনি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন এই তরুণ ক্রিকেটার। প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩৫ ম্যাচে তার সংগ্রহ ৭৬৯ রান।