বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

অতিরিক্ত সিম বন্ধে সময় বাড়াল বিটিআরসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

অতিরিক্ত সিম বন্ধে সময় বাড়াল বিটিআরসি
ছবি: সংগৃহীত

একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সিম বন্ধের প্রক্রিয়া শুরু হলেও গ্রাহকদের ভোগান্তি কমাতে সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের জন্য আগামী ১ আগস্ট থেকে শুরু করে তিন মাস সময় থাকবে অপ্রয়োজনীয় সিম স্বেচ্ছায় বন্ধ করার। এই সময়ের মধ্যে গ্রাহক নিজেই নির্ধারণ করে দিতে পারবেন, কোন ১০টি সিম তিনি রাখতে চান এবং বাকি সিম বাতিল করতে চান।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী বলেছেন, “মানুষের যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য সময় নিয়ে ধাপে ধাপে কাজটি করা হবে।”

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় করতে শুরু করবে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে ৬৭ লাখ অতিরিক্ত সিম সক্রিয় রয়েছে। এই নতুন সীমা কার্যকর হলে এসব সিম ধাপে ধাপে বন্ধ হয়ে যাবে।

এই লক্ষ্যে মোবাইল অপারেটরদের একটি তালিকা সরবরাহ করা হবে, যেখানে প্রত্যেক গ্রাহকের নামে কতটি সিম আছে, তা বিস্তারিত উল্লেখ থাকবে। যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম তারা সক্রিয় রাখতে চান। এ ক্ষেত্রে বেশি ব্যবহৃত সিম এবং যেগুলো মোবাইল ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ সেবার সঙ্গে যুক্ত, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।