বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে মেটার নতুন উদ্যোগ
ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের হ্যাক হওয়া বা নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট দ্রুত পুনরুদ্ধারে মেটা একটি নতুন এবং কেন্দ্রীভূত সহায়তা ব্যবস্থা চালু করছে, যার নাম 'সাপোর্ট হাব'।
অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সেটিংস হালনাগাদ ও অন্যান্য বিষয়ে তাৎক্ষণিক সহায়তা দেয়ার উদ্দেশ্যে এই সাপোর্ট হাব চালু করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে এক জায়গা থেকেই অ্যাকাউন্ট–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা।
মেটা জানিয়েছে, অতীতে ব্যবহারকারীদের সহায়তা সংক্রান্ত অভিজ্ঞতা প্রত্যাশা অনুযায়ী ছিল না। এই ঘাটতি পূরণের লক্ষ্যে নতুন এই হাবটি চালু করা হচ্ছে, যেখানে অ্যাকাউন্ট-সংক্রান্ত যাবতীয় সহায়তা এক জায়গায় পাওয়া যাবে। এটি ব্যবহারকারীদের জন্য সাহায্য পাওয়াকে সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তুলবে।
অন্য এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সহায়তা প্রত্যেকের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য হওয়া উচিত। আমরা জানি, অতীতে সহায়তা সব সময় ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী পৌঁছাতে পারেনি। নতুন সাপোর্ট হাবটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্য চালু হবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে সাপোর্ট হাবটি। প্রথম ধাপে এ সুবিধা শুধু ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্যও হাবটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে মেটার।