বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক বছরের বেশি সময় মহাকাশে ঘোরাফেরা করার পর অবশেষে চাঁদের পৃষ্ঠে তীব্র গতিতে আছড়ে পড়েছে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ। এতে চাঁদের বুকে নতুন একটি গর্ত বা ক্রেটার তৈরি হয়েছে।

প্রায় ৪ হাজার কেজি ওজনের রকেটের এই অংশটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল গতিতে চাঁদে আঘাত হানে, যা শব্দের গতির প্রায় সাত গুণ বেশি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সংঘর্ষের শক্তি প্রায় তিন টন টিএনটি বিস্ফোরণের সমান ছিল।

রকেটটি মূলত ২০২৫ সালের জানুয়ারিতে দুটি চন্দ্রযান কক্ষপথে পাঠানোর জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। মিশন শেষে নিচের অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এলেও ওপরের অংশটি মহাকাশেই রয়ে যায়। পরে সৌর সক্রিয়তা ও মহাকর্ষীয় বলের প্রভাবে এর গতিপথ পরিবর্তিত হয়ে চাঁদের দিকে ধাবিত হয় বলে জানিয়েছেন স্পেসএক্সের কর্মকর্তারা।

এই সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ১০ লাখ কেজি ধূলিকণা ও ধ্বংসাবশেষ বিশাল মেঘের মতো ছড়িয়ে পড়ে, যা প্রায় ১১৪ মাইল এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এ ঘটনায় পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই। সংঘর্ষস্থলের বিস্তারিত চিত্র ধারণ করতে নাসার লুনার রিকনসান্স অরবিটার শিগগিরই ওই এলাকার ছবি তুলবে।

বিজ্ঞানীদের মতে, এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ চাঁদের পৃষ্ঠ সম্পর্কে নতুন তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। ভারী কোনো বস্তু চাঁদে আঘাত করলে কী ধরনের প্রতিক্রিয়া হয় এবং ধূলিকণা কীভাবে ছড়িয়ে পড়ে—এসব বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ভবিষ্যতে চাঁদে নভোচারী পাঠানো ও মহাকাশযান অবতরণের আগে চাঁদের পৃষ্ঠের স্থায়িত্ব যাচাইয়েও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।