বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি
ছবিঃ সংগৃহীত

চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে শুধু টেক্সটভিত্তিক কথোপকথনে আনলিমিটেড চ্যাটের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে ছবি ও ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে আগের মতোই ব্যবহারসীমা বহাল থাকবে।

বর্তমানে চ্যাটজিপিটির বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের নির্দিষ্টসংখ্যক বার মেসেজ পাঠানোর পর সীমার মুখে পড়তে হয়। নতুন ব্যবস্থায় শুধু লেখাভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা টেক্সটের মাধ্যমে আরও দীর্ঘ সময় ও বেশি সংখ্যক প্রশ্ন-উত্তর করতে পারবেন।

তবে ছবি কিংবা ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকছে। অর্থাৎ, শুধু টেক্সট চ্যাটে সীমা তুলে নেওয়া হলেও ছবি বিশ্লেষণ বা ফাইল নিয়ে কাজ করার সুবিধা ব্যবহারে নির্দিষ্ট সীমা প্রযোজ্য থাকবে।

এ ছাড়া আগামী সপ্তাহে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামের নতুন একটি বোতাম চালু করা হবে। কঠিন বা তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি উত্তর তৈরির আগে আরও বেশি যুক্তি বিশ্লেষণ করবে বলে জানানো হয়েছে।

এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির মূল কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবেও জিপিটি-৫.৬ লুনা যুক্ত করার কথা বলা হয়েছে। এর ফলে বিনামূল্যের ব্যবহারকারীরা নতুন মডেলের মাধ্যমে আরও উন্নত কথোপকথনের সুবিধা পাবেন।

অন্যদিকে, প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও পরিবর্তন আনা হচ্ছে। ওপেনএআইয়ের দাবি, নতুন সংস্করণে তথ্যের নির্ভরযোগ্যতা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের ক্ষেত্রে ভুল কমানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন সংস্করণে চ্যাটজিপিটির উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে। ফলে অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য কমিয়ে ব্যবহারকারীর প্রশ্নের মূল বিষয়ের দিকে বেশি গুরুত্ব দেবে মডেলটি।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করা হচ্ছে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর তৈরির সময় চ্যাটজিপিটি কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, সেটি ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন। ফলে সহজ প্রশ্নে দ্রুত উত্তর এবং জটিল প্রশ্নে তুলনামূলক বেশি বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।

ওপেনএআইয়ের এসব পরিবর্তনের ফলে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমাবদ্ধতা অনেকটাই কমবে। একই সঙ্গে জটিল প্রশ্ন বিশ্লেষণ, তথ্যের নির্ভরযোগ্যতা এবং উত্তর দেওয়ার ধরনেও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে ছবি ও ফাইল ব্যবহারের সীমা বহাল থাকায় সব ধরনের সুবিধায় এখনই সম্পূর্ণ আনলিমিটেড ব্যবহারের সুযোগ মিলছে না।