কৃষি
কৃষক সুরক্ষায় আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ করল সরকার
আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। কৃষকদের স্বার্থ রক্ষায় হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বাজারে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছিলেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে—
হিমাগারের গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।
সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে, যা অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হবে।
আগামী মৌসুমে আলুচাষিদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্তকে কৃষকেরা ইতিবাচকভাবে দেখছেন। তাদের আশা, এ উদ্যোগে একদিকে যেমন উৎপাদন খরচের ন্যায্যমূল্য নিশ্চিত হবে, তেমনি কৃষিকাজে আগ্রহও বাড়বে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পদক্ষেপ শুধু কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে না, বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।