ক্যাম্পাস
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের চরম তোড়জোড়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ ছিল প্রার্থীদের জন্য।
আজ সোমবার সেই সময়সীমার শেষ দিন, ফলে প্রতিযোগীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের অফিসে এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
১২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডাকসুর বিভিন্ন পদে মোট ১২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভিপি পদে ১৮ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদের মধ্যে ৩৮ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট, বেলা ৩টা পর্যন্ত। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর ২১ আগস্ট বেলা ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন ভোটার। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতি এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবারের নির্বাচনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রার্থীরা একদিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ভোটাররা উত্তেজনা ও কৌতূহলের সঙ্গে নির্বাচনের দিনটির প্রতীক্ষায় রয়েছেন।