ক্যাম্পাস

ডাকসু নির্বাচন ঘিরে ১০ দফা দাবি তুলল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে ১০ দফা দাবি তুলল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ১০ দফা দাবি পেশ করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন স্বাধীনভাবে পর্যবেক্ষণ করে নানা অনিয়মের প্রমাণ উপস্থাপন করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এবারের নির্বাচনেও শুরু থেকেই প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একাধিক প্রস্তাব দিয়েছে তারা। যদিও কিছু প্রস্তাব আংশিক বাস্তবায়ন হয়েছে, তবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো উপেক্ষিত রয়ে গেছে।

উপস্থাপিত ১০ দফা দাবি হলো:

১. প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করতে হবে এবং কারা প্রবেশ নিয়ন্ত্রণ করবে তা প্রকাশ করতে হবে।

২. নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে।

৩. পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে।

৪. ভোট গ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে হবে।

৫. পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে।

৬. গণমাধ্যমকর্মী ও পোলিং এজেন্টদের জন্য স্পষ্ট গাইডলাইন প্রকাশ করতে হবে।

৭. বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে।

৮. গুজব বা ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৯. পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য আলাদা বিশ্রামকক্ষ রাখতে হবে।

১০. নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

সংগঠনের নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম গণতান্ত্রিক প্রতিষ্ঠান ডাকসু যেন শিক্ষার্থীদের আস্থা ফিরে পায়, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রসমাজের প্রকৃত প্রতিনিধিত্বই দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে তাদের বিশ্বাস।