ক্যাম্পাস

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে তরুণ উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে তরুণ উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত
ছবি: ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে উদ্যোক্তা বিকাশে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আয়োজন করা হলো “তরুণ উদ্যোক্তা মেলা ২০২৫”।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারস বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলাটি অনুষ্ঠিত হয় ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ঢাকার সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের মিলনায়তন ও প্রাঙ্গণে।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই আয়োজন আমাদের নতুন বার্তা দিচ্ছে—শিক্ষা শেষ করে শুধু চাকরি খোঁজা নয়, বরং উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। আজকের এই মেলাই তার প্রমাণ।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এমন একটি অনুপ্রেরণামূলক আয়োজন বাস্তবায়নের জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

মেলায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ২৮টি উল্লেখযোগ্য শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিষ্ঠান, যার মধ্যে ছিল— জেপি ফুড হাউস, সোহেলীর ক্রিয়েশনস, অলংকারিণী, ইষ্টিকুটুম, চারুপঠ, আল-করিম লাইফস্টাইল, এ.এল. জাইরোস, নাফিস কেক, স্বর, BohoBaari, মুমেন্টস, আকাতুয়া, ক্রাঞ্চ ফিউশন, বুকাহোলিক বিটস, গ্যাজেট গুরু 2.0, স্টুডেন্ট ব্যাকলেট, বিউনিকা, হালিমা’স ক্লোদিং, টোস্ট দ্য মারমা, নাফিসা ক্রিয়েশন, নান্দুর ছোটো দোকান ও ক্যান্ডলোরা বাই সিগমা।

আয়োজক কমিটির পক্ষ থেকে মো. জাকিউর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু চাকরির বাজারে প্রবেশ নয়, বরং চাকরি সৃষ্টিকারী হয়ে ওঠা। শিক্ষার্থীদের সেই পথে অনুপ্রাণিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।”

সারাদিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উদ্যোক্তা মেলা ২০২৫ শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন-এই আয়োজন তরুণদের স্বপ্ন ও সৃজনশীল উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে।